বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
বৃহস্পতিবার , ০৪ জুন ২০২৬
হোমলাইফস্টাইলকোমর ব্যথা বনাম কিডনির ব্যথা: কীভাবে আলাদা করবেন

কোমর ব্যথা বনাম কিডনির ব্যথা: কীভাবে আলাদা করবেন

favicon
ভোরের আলো ডেস্ক:
কোমর ব্যথা বনাম কিডনির ব্যথা: কীভাবে আলাদা করবেন

কোমর ব্যথা আর কিডনির ব্যথা—দুটোই অনেক সময় একরকম মনে হলেও এদের মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভুলভাবে ধরে নিলে গুরুতর শারীরিক সমস্যাও অজানা থেকে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কিডনির ব্যথা সাধারণত পাঁজরের নিচে, মেরুদণ্ডের দুই পাশে গভীরভাবে অনুভূত হয় এবং নড়াচড়ায় খুব একটা বাড়ে না। অনেক ক্ষেত্রে এর সঙ্গে জ্বর, বমি বা প্রস্রাবে জ্বালাপোড়ার মতো উপসর্গও থাকতে পারে। অন্যদিকে সাধারণ কোমর ব্যথা নিচের অংশে হয় এবং হাঁটা-বসা বা ওঠানামায় বাড়ে, বিশ্রামে কমে।

দীর্ঘ সময় বসে কাজ করা, ভুল ভঙ্গিতে বসা বা হালকা আঘাতের কারণে পেশির ব্যথা হওয়া খুব স্বাভাবিক। কিন্তু অনেকেই এই ব্যথাকে হালকাভাবে নেন এবং ধরে নেন এটি সামান্য পেশির সমস্যা। অথচ কখনো কখনো এটি কিডনির সমস্যার ইঙ্গিতও হতে পারে।

চিকিৎসকদের মতে, পেশির ব্যথায় সাধারণত একই জায়গায় হালকা থেকে মাঝারি ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া বা জায়গাটি কিছুটা গরম অনুভূত হওয়ার মতো লক্ষণ দেখা যায়। তবে কিডনির সমস্যায় অনেক সময় কোনো স্পষ্ট উপসর্গই থাকে না, হঠাৎ কোমর বা পেটের পাশের অংশে ব্যথা শুরু হতে পারে—যা কিডনিতে পাথর হওয়ার লক্ষণও হতে পারে।

কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে। তাই এর কার্যক্রম ব্যাহত হলে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

চিকিৎসকরা বলছেন, কিডনির ক্ষতি সাধারণত ধীরে ধীরে হয় এবং এর পেছনে দৈনন্দিন জীবনের অভ্যাস বড় ভূমিকা রাখে। কিডনি ভালো রাখতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করা, লবণ কম খাওয়া, টাটকা শাক-সবজি ও ফল বেশি খাওয়া জরুরি। পাশাপাশি ধূমপান, মদ্যপান এবং অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।