বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত

ট্রাম্পের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ছবি সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে চালু হতে যাওয়া ‘রেসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের আওতায় চীনের কোনো সুবিধা থাকছে না।

বুধবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প জানান, চীনের ওপর যুক্তরাষ্ট্রের আগের ১০৪ শতাংশ শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করা হচ্ছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক আরোপ করলে, জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর সর্বোচ্চ ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক বসায়। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এই পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধের ফলে বৈশ্বিক বাণিজ্য উত্তপ্ত হয়ে ওঠে।

ট্রাম্প বলেন, "বিশ্ববাজারে চীনের অসহযোগিতা ও অসন্মানজনক আচরণের কারণে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে। আশা করি চীন শিগগিরই বুঝতে পারবে, অন্য দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সময় শেষ হয়ে এসেছে।"

তবে আলোচনার দ্বার এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালে এই নতুন শুল্ক ঘোষণার পোস্ট দেন, তখন তার সঙ্গে ছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লুটনিক লেখেন, “আমি ও বেসেন্ট তখন প্রেসিডেন্টের সঙ্গে ছিলাম যখন তিনি গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি দেন। আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিশ্ববাণিজ্যের ভারসাম্য ফিরিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কিন্তু চীন উল্টো পথে হাঁটছে।”