ইরান-সংকট ঘিরে আলোচনা থেমে যাওয়ায় তেলের দামে নতুন উল্লম্ফন
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৯১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। টানা নবম দিনের মতো এই মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দামও বেড়েছে। এটি ৫৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তেল সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধের প্রভাব কমানোর উপায় নিয়ে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছেন।