২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গে আক্রান্ত ১,২৩৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৮৪ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া, এ সময়ের মধ্যে সারাদেশে মোট ৩৭ হাজার ১৩১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।