মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন, ব্যয় ১,৭৫৭ কোটি টাকা

জ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন, ব্যয় ১,৭৫৭ কোটি টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
জ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন, ব্যয় ১,৭৫৭ কোটি টাকা

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতকে ঘিরে বৈশ্বিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতিতে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানি করা হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে। সরকারের মতে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এর আগে, গত ২১ এপ্রিল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর মাধ্যমে পরিশোধিত  জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করা যায়।