বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান আর নেই
স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশের খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে নিজ বাসভবনের সামনে খোলা মাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে আহত হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, পরে কিছুটা উন্নতি হওয়ায় তা খুলে দেওয়া হলেও পরে আবারও তাকে লাইফ সাপোর্টে নিতে হয়।
১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নাম। তিনি নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংস্কৃতি ও নাট্যজগতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পদক ও একুশে পদকে ভূষিত হন।