ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা ও বার্তা দেন।
বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হযরত হাজেরা (আ.) এবং পুত্র হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এই ঈদুল আযহা মুসলমানদের ত্যাগ ও কুরবানির মহান আদর্শে উজ্জীবিত করে। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, সামাজিক বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণের আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি চলে গেলেও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। কিছু শক্তি বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এসব পরিস্থিতি মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শেষে তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।