ঢাকা দুই সিটির প্রশাসকদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার অভিযোগ এনসিপি মুখপাত্রের
সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। তার দাবি, প্রশাসকেরা পদে থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং নগরজুড়ে ব্যাপক পোস্টারিংয়ের মাধ্যমে পরিবেশ দূষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, আবাসিক এলাকা এবং এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও অস্থায়ী কার্যক্রমের কারণে নাগরিক দুর্ভোগ তৈরি হচ্ছে, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদক্ষতার প্রমাণ।
সাবেক এই উপদেষ্টা অভিযোগ করেন, রাজধানীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের মিছিল দেখা যাচ্ছে, যা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে।
এ সময় তিনি জানান, আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত সিদ্ধান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া হবে।