বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) রাতে প্রকাশিত ফলাফলে তার নাম আসে। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফেসবুক পোস্টে জাইমা রহমান জানান, দেশের আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আল্লাহর রহমতে তিনি পরীক্ষায় সফল হয়েছেন বলেও উল্লেখ করেন।
বার কাউন্সিল সূত্রে জানা গেছে, এবার এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৯ হাজার ২০১ জন উত্তীর্ণ হয়েছেন। জাইমা রহমান রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য প্রার্থীদের তিনটি ধাপ—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা—সফলভাবে সম্পন্ন করতে হবে। সব ধাপ পেরিয়ে উত্তীর্ণরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পাবেন। তবে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য আলাদা বিধান প্রযোজ্য।