এপ্রিল মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড, দেশী মুদ্রায় ৩৩ হাজার কোটি টাকা!
এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকায়)।
এপ্রিলে প্রতিদিন গড় রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার। আগের বছরের একই মাসের তুলনায় এটি প্রায় ৭১ কোটি ডলার বা ৩৪.৬৪ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের ১০ মাসে রেমিট্যান্সে ২৮.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা এ পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ।
এছাড়া, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ৪৫৪ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে ছিল ১ হাজার ৯১২ কোটি ডলার, অর্থাৎ ৫৪২ কোটি ডলার বেশি এসেছে।
এই রেমিট্যান্স প্রবাহের পাশাপাশি রপ্তানি আয়েও ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং ২০ মাস পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে।