ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের
ঝিনাইদহে বজ্রপাতে মিরাজুল ইসলাম (২৫) ও অলিয়ার রহমান (৫০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী এবং মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের এ ঘটনা ঘটে। মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তারা প্রাণ হারান। একই দিনে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মিরাজুল ইসলাম গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে এবং অলিয়ার রহমান ভবানীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় স্বাস্থ্য সহকারী জাহাঙ্গীর আলম ও স্বজনদের বরাতে জানা গেছে, সকালে ধান বাঁধতে মাঠে যান মিরাজুল। সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক বজ্রপাত শুরু হলে তিনি বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
একই সময়ে ধান গোছাতে গিয়ে মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হন অলিয়ার রহমান। তাকেও স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানান, দুই কৃষক হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।