বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমশিক্ষা৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল

৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল

favicon
ভোরের আলো ডেস্ক:
৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর জন্য সুখবর মিলতে পারে চলতি সপ্তাহেই। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা বোর্ডগুলো ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্যে কাজ করছে। ফল প্রস্তুত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সম্ভাব্য ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে। সে ক্ষেত্রে ৩০ জুলাই সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় গত ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হয়নি।