একনেকে ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নয়টি নতুন প্রকল্প অনুমোদন করেছে। বুধবার (৭ মে) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা আসবে সরকারি তহবিল থেকে। প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন হবে ১৪৫ কোটি ৬ লাখ টাকা।
তিনি আরও বলেন, জেলায় জেলায় যেসব সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, সেগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা এখনো স্পষ্ট নয়। ফলে নতুন করে জেলা পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন বা সম্প্রসারণে আর কোনো প্রকল্প গ্রহণ করবে না সরকার।