রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › তথ্যপ্রযুক্তি › যেসব কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে

যেসব কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে

favicon
ভোরের আলো ডেস্ক:
যেসব কারণে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে

অন্যের সম্মতি ছাড়া ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে প্রকাশ করলে কঠোর ব্যবস্থা নেবে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গোপনীয়তা লঙ্ঘন বা হয়রানিমূলক কনটেন্ট প্রকাশের সঙ্গে জড়িত অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।


প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানান, কারও অনুমতি ছাড়া তার প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা কিংবা কাউকে বিব্রত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও প্ল্যাটফর্মের নীতিমালার পরিপন্থী।


তিনি বলেন, ‘পিকআপ লাইন’ বা এ ধরনের ভিডিও, যেখানে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়াই তাকে ক্যামেরাবন্দি করা হয়, সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে। এ ধরনের কনটেন্ট প্রকাশকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সম্প্রতি কিছু কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা এবং অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে পথচারী, সেবাকর্মী ও সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এ ধরনের কর্মকাণ্ড ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে এবং প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা বাড়িয়েছে।


বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, নারীদের অনুমতি ছাড়া নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, হয়রানিমূলক কনটেন্ট প্রকাশের কারণেই এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে স্মার্ট চশমার অপব্যবহার রোধে নতুন সফটওয়্যার আপডেটও চালু করেছে মেটা। নতুন ব্যবস্থায় ভিডিও ধারণের সময় কেউ ক্যামেরার এলইডি নির্দেশক আলো বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা করলে ডিভাইসটির ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।


মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতেই এসব নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।