রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাযুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি

favicon
ভোরের আলো ডেস্ক:

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২২২ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার ৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এই প্রবৃদ্ধি ২৬.৬৪ শতাংশ, যা শীর্ষ দশ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির গড় মাসিক পরিমাণ ৭৪ কোটি ডলার, যা গত বছর ছিল ৬১ কোটি ডলার।

এই সময়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম—মোট ৩৮৭ কোটি ডলারের, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। চীন রপ্তানি করেছে ৩৬০ কোটি ডলার, প্রবৃদ্ধি মাত্র ৪.১৮ শতাংশ। চীনকে পেছনে ফেলে ভিয়েতনাম এখন যুক্তরাষ্ট্রে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ।

এই পরিসংখ্যান ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যে উঠে এসেছে। জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২ হাজার ৫ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১০.৯৫ শতাংশ বেশি।

এদিকে, ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ঘাটতি কমাতে ৫৭টি দেশের ওপর ১০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন, যদিও ৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। তবে ন্যূনতম শুল্ক কার্যকর হয়েছে। চীনের ওপর শুল্ক হার বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ শতাংশ, আর পাল্টা জবাবে চীন বসিয়েছে ১২৫ শতাংশ শুল্ক—ফলে তাদের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশের মতো ভারতও এই সময়ে রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে—১৫১ কোটি ডলারের রপ্তানি, প্রবৃদ্ধি ২৪ শতাংশ। ইন্দোনেশিয়া ১২৩ কোটি ডলার (২০% প্রবৃদ্ধি), কম্বোডিয়া ৯৩ কোটি (১৪.৬৯%), পাকিস্তান ৫৫ কোটি (১৭.৫%), মেক্সিকো ৬৪ কোটি (২%), কোরিয়া ৪ কোটি (২%) রপ্তানি করেছে। তবে হন্ডুরাসের রপ্তানি কমেছে ১০ শতাংশ।