শ্বেতাঙ্গ আফ্রিকান শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের ঘোষণা ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন আগামী সপ্তাহের শুরু থেকে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের গ্রহণ করতে যাচ্ছে। নিউইয়র্ক টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, শ্বেতাঙ্গ আফ্রিকানদের একটি দল ভার্জিনিয়ার ওয়াশিংটন ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প গত ৭ ফেব্রুয়ারি এক নির্বাহী আদেশে দাবি করেন, দক্ষিণ আফ্রিকায় ডাচ বংশোদ্ভূত শ্বেতাঙ্গ আফ্রিকানরা ‘জাতিগত বৈষম্যের শিকার’। ওই আদেশের ভিত্তিতেই এ পুনর্বাসন প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে শরণার্থীদের আগমনের তারিখ ফ্লাইটের সময়সূচি ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে।
এ সিদ্ধান্তের সমালোচনা করেছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, এই উদ্যোগ বাস্তবতাবিবর্জিত এবং দক্ষিণ আফ্রিকার বেদনাদায়ক উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যের ইতিহাসকে অবজ্ঞা করে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি নিরাপত্তা ও ব্যয়জনিত উদ্বেগ দেখিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সব ধরনের শরণার্থীর প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে। এতে আফগানসহ অনেক শরণার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে গেছে, যদিও তাঁদের যাচাই-বাছাই ইতিমধ্যেই শেষ হয়েছিল।