৯ মামলায় জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোনালিসা ইসলামকে
৯টি মামলায় জামিন পাওয়ার পর নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে।
বুধবার (১২ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোনালিসা ইসলামের আইনজীবী তরিকুল ইসলাম।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে জুলাই আন্দোলনের সময় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট মোনালিসা ইসলামকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বুধবার শুনানি শেষে তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল।
তার আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুদকের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মোনালিসা। তিনি দাবি করেন, কারামুক্তির সুযোগ তৈরি হওয়ার পরই তাকে নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ফলে তার মুক্তি আটকে গেছে।