শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়দেশজুড়ে উত্তাপের দাপট, আবহাওয়ার পরিবর্তন আসছে শিগগিরই

দেশজুড়ে উত্তাপের দাপট, আবহাওয়ার পরিবর্তন আসছে শিগগিরই

favicon
ভোরের আলো ডেস্ক:

দেশের বেশির ভাগ এলাকায় আজ রোববারও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সোমবার দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

আজ সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় তীব্র গরম অনুভূত হয়েছে। সকাল ৯টার দিকে ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দিনভর তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে, তবে কোথাও কোথাও তা সামান্য কমতে পারে।

গতকাল দেশের ৬২টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জ ছাড়া প্রায় সব জেলাই এর আওতায় ছিল। চুয়াডাঙ্গায় এ বছরের সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায়ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা এই বছরের সর্বোচ্চ।

তীব্র রোদের পাশাপাশি বাতাসের গতির হ্রাস, জলীয় বাষ্পের ঘাটতি ও দীর্ঘদিন ধরে বৃষ্টিহীন অবস্থার কারণে তাপপ্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় নানা ধরনের শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে।

গতকাল অন্তত সাতটি জেলায় তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়। এর মধ্যে ছিল চুয়াডাঙ্গা, রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোর।