মিরাজের সঙ্গে বাগ্বিতণ্ডা, নিজের ভুল স্বীকার করলেন স্টার্ক
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে পিচের মাঝ দিয়ে দৌড়ানোকে কেন্দ্র করে মেহেদী হাসান মিরাজ ও মিচেল স্টার্কের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মিরাজ জানিয়েছেন, পরে স্টার্ক নিজের ভুল স্বীকার করে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।
তৃতীয় দিনের খেলা শেষে মিরাজ বলেন, ঘটনাটি নিয়ে বড় কোনো সমস্যা হয়নি। ব্যাটিং শেষে রান নেওয়ার সময় স্টার্ক সামনে চলে আসায় তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী ছিল, তা খেয়াল করতে পারেননি বলেও জানান তিনি।
মিরাজ বলেন, পরদিন সকালে স্টার্ক তার সঙ্গে কথা বলেন এবং আগের দিনের ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করেন। স্টার্ক তাকে জানান, সবকিছু ঠিক আছে এবং বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা নেই।
ঘটনাটি ঘটে বাংলাদেশের প্রথম ইনিংসে স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলে। পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে গিয়ে মিরাজ পিচের মাঝের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ান। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রান নেওয়ার সময় ব্যাটারদেরও পিচের ওই অংশ এড়িয়ে চলতে হয়।
মিরাজের দৌড়ানোর বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনার নজরে আসে। রান সম্পন্ন হওয়ার আগেই তিনি মিরাজকে সতর্ক করেন। মিরাজ তখন জানান, বলের দিকে নজর থাকায় সামনে কী ছিল, তা তিনি খেয়াল করতে পারেননি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্টার্ক ও মিরাজের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। স্টার্ক ইঙ্গিত করেন, সেটি তার ফলো-থ্রুর জায়গা এবং মিরাজের পিচের মাঝ থেকে সরে যাওয়া উচিত ছিল। মিরাজও নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
পরে স্টার্ক মিরাজকে উদ্দেশ করে বাংলাদেশে না থাকার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন। তবে পরদিন দুজনের কথোপকথনের মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে বলে জানান মিরাজ।
ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডও বাড়িয়েছে টাইগাররা।