পাকিস্তানে টিকটক তারকাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার হয়নি কেউ
পাকিস্তানের জনপ্রিয় এক টিকটক তারকা শামসো বিবিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত শুক্রবার ইসলামাবাদে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটরের টিকটকে প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শামসো বিবির বাবা ফজল সাহেবজাদা এ ঘটনায় অভিযোগ দায়ের করলে পুলিশ একটি হত্যা মামলা করেছে।
অভিযোগে নিহতের বাবা জানান, ঘটনার দিন কাশিফ নামের এক ব্যক্তি তার মেয়েকে ফোন করে বাড়ির বাইরে আসতে বলেন। ফোন পেয়ে বিবি তার ১৫ বছর বয়সী বোন আসিমা ও ভাই নেয়ামতুল্লাহকে সঙ্গে নিয়ে গাড়িতে করে বের হন।
তারা একটি পেট্রল পাম্পের কাছে পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি বিবির ঘাড়ে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে তার বোন আসিমা গুরুতর আহত হন।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে বিবির বাবা আরও জানান, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে তার মেয়ের আর্থিক লেনদেন ছিল। অর্থ ফেরত চাওয়াকে কেন্দ্র করে ওই দুই ব্যক্তি বিবিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এর আগে ইসলামাবাদে কাউসার ও জাভেদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও করা হয়েছিল বলে জানান নিহতের বাবা।
পরিবারের তথ্য অনুযায়ী, শামসো বিবি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে ভিডিও তৈরি করছিলেন। প্ল্যাটফর্মটিতে তার প্রায় ১৩ লাখ অনুসারী ছিল।
হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।