রবিবার , ১৬ আগস্ট ২০২৬
রবিবার , ১৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশমেঘালয়ে কারফিউ, সুনামগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

মেঘালয়ে কারফিউ, সুনামগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

favicon
ভোরের আলো ডেস্ক:

ভারত-পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে সুনামগঞ্জের উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় চলছে কারফিউ। এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাড়িয়েছে টহল এবং সতর্কতা ব্যবস্থা।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি কিছু বিওপিতে বাড়ানো হয়েছে জনবল। আজ রোববার সকালেও সীমান্তে বিজিবির সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ছয়টি ভারতের সঙ্গে ১২০ কিলোমিটার সীমান্ত শেয়ার করে। এর মধ্যে ৯০ কিলোমিটার রয়েছে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীনে, যার বেশিরভাগই দুর্গম ও পাহাড়ি এলাকা। কিছু জায়গায় এখনো কাঁটাতারের বেড়া নেই। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা থাকলেও টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করায় এ অঞ্চলে এখনো কোনো অনুপ্রবেশ ঘটেনি।

সুনামগঞ্জ বিজিবির একজন কর্মকর্তা জানান, দোয়ারাবাজার সীমান্তসংলগ্ন এলাকায় বিএসএফ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে। এতে সীমান্ত পারাপার রোধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সভা করে সতর্ক করা হয়েছে।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত। সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। পাশাপাশি সিভিল প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও রয়েছে।”