প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কোনো কমতি নেই: রিজভী
অর্থনীতি ও অন্যান্য খাতে রাতারাতি নির্মাণ বা পুনর্গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কোনো ধরনের কমতি রাখেননি বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সবকিছু রাতারাতি নির্মাণ বা পুনর্গঠন করা সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের প্রায় প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকেই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে রিজভী বলেন, মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে। রূপকথার যেসব গল্প মানুষ শুনেছে, বিগত আমলে সেগুলোই বাস্তব ও সত্যে পরিণত হয়েছিল।
তিনি বলেন, সেই পরিস্থিতি ও লিগ্যাসির ধারাবাহিকতায় বর্তমানে নতুন একটি সরকার এসেছে। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন তিনি।
দেশের উন্নয়নের গতি কিছুটা বাধাগ্রস্ত হওয়ার কারণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও অন্যান্য পরিস্থিতির কথা উল্লেখ করেন রিজভী। তবে বিভিন্ন খাতের সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা সত্ত্বেও সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনের কাজ ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।