সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতবিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

বিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববিদ্যালয়ছাত্র সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।


মামলার নথি অনুযায়ী, নিহত ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।


২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সীমান্ত। পথে দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।


এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে সীমান্তের মৃত্যু হয়।


আদালত সূত্র জানায়, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।


কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত তিন আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।