জুলাই হত্যা মামলায় এবার ৩ সাংবাদিক আসামি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনবিরোধী বক্তব্য ও প্রচারণার মাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে তিন সাংবাদিককে জুলাই হত্যা মামলায় আসামি করা হচ্ছে। তারা হলেন—শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাদের আগামী ২৪ আগস্ট আদালতে হাজির করতে সংশ্লিষ্ট জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আদালতে হাজির করার পর তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওই তিন সাংবাদিক মামলায় বর্ণিত অপরাধে প্ররোচনা দিয়েছিলেন। সংবাদ সম্মেলনটি শেখ হাসিনার চীন সফর নিয়ে আয়োজন করা হয়েছিল।
ওই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করে মন্তব্য করেন। শিক্ষার্থীরা ওই মন্তব্যকে অবমাননাকর হিসেবে উল্লেখ করেন। এর পর ওই রাতেই বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।
প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘কাউন্টার-ন্যারেটিভ’ তৈরি ও প্রচারে ভূমিকা রাখেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
তৎকালীন সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই চ্যানেলের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল তাদের ২৪ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছেন। আদালতে হাজিরের পর মামলায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে।