বিদ্যুৎ-গ্যাস খাতের মাফিয়া চক্রকে ফেরানোর চেষ্টা চলছে: মঞ্জু
বিদ্যুৎ ও গ্যাস খাতের সঙ্গে জড়িত ‘মাফিয়া চক্রকে’ আবারও ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে কোনো রাজনৈতিক দল নয়, জনগণই মাঠে নেমে আসবে।
সোমবার (১৭ জুন) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ছয় মাসের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, সবার আগে বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে সরকার দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এ সময় ছাত্রদলের ক্যাম্পাস রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে জনগণই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দলীয় লোক নিয়োগ, প্রশাসনিক সংস্কার না করা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়াসহ ৩১ দফার অনেক প্রতিশ্রুতিই সরকার লঙ্ঘন করেছে।
তবে বিগত সময়ে হারিয়ে যাওয়া রাজনৈতিক সহনশীলতা অনেকটাই ফিরে এসেছে বলে মন্তব্য করেন ফুয়াদ। আগামী পাঁচ বছরেও রাজনৈতিক অঙ্গনে এ ধরনের সহনশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।