বিদেশি শিক্ষার্থী বাড়াতে ভিসানীতি সহজ করার উদ্যোগ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসানীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি সহজ করার উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আরও সহজে বাংলাদেশে আসার সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক পরিসরে সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি উচ্চশিক্ষায় এআই প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে হবে।
কিউএস র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গবেষণার পরিধি ও মান বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ‘ক্রস-বর্ডার এডুকেশন’ বা আন্তঃদেশীয় শিক্ষাব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে আরও বেশি সংযুক্ত করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।