বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় হারের পর স্কোয়াডে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। দল থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাথু রেনশ।
ম্যাকেতে পরবর্তী টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে রেনশকে ওপেনিংয়ে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এপ্রিলে জাতীয় চুক্তিতে যুক্ত হওয়ার পর ডারউইন টেস্টই ছিল ওয়েদারাল্ডের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সেখানে তিনি দুই ইনিংসে করেন ২৩ ও শূন্য রান। এই দুই ব্যর্থতার পর ১২ টেস্ট ইনিংসে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ২০.৩৬।
ওয়েদারাল্ডকে দলে নেওয়ার পেছনে অ্যাশেজে তার পারফরম্যান্সও বিবেচনায় ছিল। ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের সময় হেডের সঙ্গে ভালো পারফরম্যান্সের পর তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থতার পর দ্রুতই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে।
অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ওয়েদারাল্ডের ব্যাটিং পজিশন ও মুভমেন্টে সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন আনা হয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সেই পরিবর্তনের কার্যকারিতা বিচার করার মতো যথেষ্ট সময় পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
ওয়েদারাল্ডের জায়গায় রেনশকে বেছে নেওয়ার ক্ষেত্রে তার অভিজ্ঞতা বড় ভূমিকা রেখেছে। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্স করেন রেনশ। ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে প্রায় ৫০ গড়ে রান করেন তিনি। ম্যাকেতেও তার দুটি প্রথম শ্রেণির সেঞ্চুরি রয়েছে।
রেনশর আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে। তিনি এখন পর্যন্ত ১৪টি টেস্ট খেলেছেন। তবে তার সর্বশেষ টেস্ট ছিল তিন বছর আগে দিল্লিতে। সেই ম্যাচে তিনি মিডল অর্ডারে ব্যাট করেছিলেন।
এদিকে তিন নম্বরে মার্নাস লাবুশেনের জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। ডারউইন টেস্টে তিনি করেন ১ ও ৩১ রান। প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে তার কোনো সেঞ্চুরি নেই। সবশেষ ৪২ টেস্ট ইনিংসে তার ব্যাটিং গড় ২৫.২৩।
তবে লাবুশেনের ব্যাটিংয়ে কিছু ইতিবাচক দিক দেখছেন কোচ ম্যাকডোনাল্ড। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে তার ব্যাটিংয়ে উন্নতি লক্ষ্য করা গেছে বলে জানান তিনি। একই সঙ্গে লাবুশেনের রানখরা কাটাতে তাকে আরও পরিশ্রম করতে হবে বলেও ইঙ্গিত দেন অস্ট্রেলিয়ান কোচ।