শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্ব৭০ দিনের অবরোধে গাজা, মানবিক চুক্তি সহজ করতে জিম্মি মুক্তি

৭০ দিনের অবরোধে গাজা, মানবিক চুক্তি সহজ করতে জিম্মি মুক্তি

favicon
ভোরের আলো ডেস্ক:
৭০ দিনের অবরোধে গাজা, মানবিক চুক্তি সহজ করতে জিম্মি মুক্তি

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি-মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। বিবিসি জানায়, ২১ বছর বয়সী আলেকজান্ডারই গাজায় আটকে থাকা শেষ জীবিত মার্কিন জিম্মি বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই এই সিদ্ধান্ত নিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, ৭০ দিন ধরে চলমান ইসরায়েলি অবরোধের মধ্যে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চুক্তি সহজ করার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিবিসি আরও জানায়, কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতারা মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলেকজান্ডারের মুক্তির বিষয়ে হামাসের ইচ্ছার কথা যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলকে জানিয়েছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়।

একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ট্রাম্পের সফরের আগে এই ঘোষণাকে ‘শুভেচ্ছার নিদর্শন’ হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, সোমবার ভোরে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে আলেকজান্ডারের মুক্তি চূড়ান্ত করতে আরেক দফা বৈঠক হবে। এ সময় ইসরায়েলি সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজন হবে।

ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি স্মরণীয় ও সৎ বিশ্বাসে নেওয়া পদক্ষেপ।”

আলেকজান্ডার তেল আবিবে জন্ম নিলেও বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। ৭ অক্টোবর হামাসের হামলার সময় তিনি গাজার সীমান্তে ইসরায়েলি পদাতিক ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। সেদিন হামাসের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হয় এবং ২৫০ জনের বেশি জিম্মি হন। বর্তমানে ধারণা করা হয়, ৫৯ জন এখনো গাজায় বন্দি, যার মধ্যে ২৪ জন জীবিত এবং পাঁচজন মার্কিন নাগরিক।

হামাস জানিয়েছে, তারা একটি চূড়ান্ত যুদ্ধবিরতি চুক্তি চায় যাতে খাদ্য, ওষুধ ও অন্যান্য সহায়তা গাজায় প্রবেশ করতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছেন।