বৃষ্টির শঙ্কা উড়িয়ে গলে ভারতের দাপুটে জয়, সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে
গলে বৃষ্টির শঙ্কা কাটিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রানের দাপুটে জয় পেয়েছে ভারত। সফরকারীদের বাঁহাতি স্পিনার মানব সুতারের ঘূর্ণিতে মাত্র ২০৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুভমান গিলের দল।
৩৭২ রানের লক্ষ্য তাড়ায় শেষ দিনে ৮৪ রানে ৪ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা ও সোনাল দিনুশার ৯৫ রানের জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ভারতের বোলারদের সামনে টিকতে পারেনি তারা।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন সোনাল দিনুশা। ধনঞ্জয়া ডি সিলভা করেন ৫৯ রান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারতের বোলাররা।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান খরচ করে ৬ উইকেট শিকার করেন মানব সুতার। প্রথম ইনিংসেও তার দখলে ছিল ৪ উইকেট। ফলে ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ বাঁহাতি স্পিনার।
গলের এই টেস্টটি ছিল ভারতের ৬০০তম টেস্ট ম্যাচ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী রোববার (২৩ আগস্ট) কলম্বোয়।