বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
হোমবিনোদনবিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দা-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দা-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

favicon
ভোরের আলো ডেস্ক:
বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দা-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে চলমান আলোচনায় নতুন মোড় এসেছে। গোবিন্দার বিরুদ্ধে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনিতা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা।


সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি আদালতে দেখা যায় সুনিতাকে। পরে জানা যায়, নিজের করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করতেই আদালতে গিয়েছিলেন তিনি।


তবে পারিবারিক বিরোধ আদালত পর্যন্ত গড়ানোয় হতাশা প্রকাশ করেছেন শশী সিনহা। তাঁর মতে, স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান সম্ভব।


এনডিটিভিকে শশী সিনহা বলেন, পারিবারিক বিষয় পরিবারের মধ্যেই সমাধান করা উচিত। মামলা প্রত্যাহার করা হলে শুরুতেই কেন মামলা করা হয়েছিল—এ নিয়েও তিনি হতাশা প্রকাশ করেন।


মামলা প্রত্যাহারের পর গোবিন্দার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শশী সিনহা জানিয়েছেন, ঘটনার কয়েক মিনিট পর তিনি গোবিন্দার সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে অভিনেতার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


### কী নিয়ে শুরু হয়েছিল দাম্পত্য টানাপোড়েন?


গোবিন্দা ও সুনিতার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি থেকে। বিভিন্ন সাক্ষাৎকারে সুনিতার ব্যক্তিগত মন্তব্যের পর তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়। একপর্যায়ে সুনিতা গোবিন্দাকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন বলেও খবর ছড়িয়ে পড়ে।


তবে পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। গত বছর গণেশ চতুর্থীর অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলে ফের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন ওঠে। তখন সুনিতা দাবি করেন, তাঁদের মধ্যে সত্যিই দূরত্ব তৈরি হলে এভাবে একসঙ্গে থাকা সম্ভব হতো না।


### ‘সুগার ড্যাডি’ মন্তব্য ঘিরে বিতর্ক


সম্প্রতি গোবিন্দার ‘রূপা’ সিনেমার সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরকে ঘিরে সুনিতার একটি মন্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। ওই অভিনেত্রীকে কেন্দ্র করে গোবিন্দার সঙ্গে সম্পর্কের অভিযোগও তোলেন সুনিতা। একপর্যায়ে তিনি গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ বলেও উল্লেখ করেন।


এর জবাবে পাল্টা বক্তব্য দেন গোবিন্দা। তাঁর অভিযোগ, নতুন সিনেমার কাজ শুরু করার পর তাঁকে মানুষের কাছে খারাপভাবে উপস্থাপন করে ক্যারিয়ারে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নিজের কাজ ও ব্যবসায় সুনিতার হস্তক্ষেপ করা উচিত নয় বলেও মন্তব্য করেন অভিনেতা।


### ৩৮ বছরের দাম্পত্য


১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দা ও সুনিতা আহুজা। দীর্ঘদিন তাঁদের বিয়ের বিষয়টি গোপন ছিল। ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্মের পর তাঁদের দাম্পত্যের বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধনের জন্ম হয়।


দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে। কখনো বিচ্ছেদের খবর, আবার কখনো ব্যক্তিগত মন্তব্য ঘিরে আলোচনায় এসেছে তাঁদের দাম্পত্য।


এবার আদালতে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নেওয়ার পর গোবিন্দা-সুনিতার সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। তবে মামলা প্রত্যাহারের পর বর্তমানে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবস্থান কী, সে বিষয়ে দুজনের পক্ষ থেকেই এখনো বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।