অস্ত্রসহ শত শত আসামি ধরা পড়লো পুলিশের জালে
সারাদেশে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১,৬৬৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (১২ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৯৭২ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল। বাকি ৬৯৩ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়।
এছাড়া অভিযানে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৩টি একনলা বন্দুক, ২টি এলজি, ৭ রাউন্ড গুলি, ৪টি লেডবলের গুলি, ১টি শর্টগান, ৪টি সাধারণ চাকু, ৩টি বার্মিজ চাকু, ২টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ৫টি হাসুয়া, ২টি রামদা ও ৬টি ঢাল।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।