শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমজাতীয়আনার হত্যা: এক বছর পেরিয়ে গেলেও থেমে আছে তদন্ত, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার মাসুদুর রহমান

আনার হত্যা: এক বছর পেরিয়ে গেলেও থেমে আছে তদন্ত, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার মাসুদুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
আনার হত্যা: এক বছর পেরিয়ে গেলেও থেমে আছে তদন্ত, প্রশ্নবিদ্ধ ন্যায়বিচার মাসুদুর রহমান

আজ ১২ মে, ভারতের কলকাতায় সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো। তবে দীর্ঘ এই সময়েও মামলার তদন্তে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে মামলাটি কার্যত থেমে গেছে।

আনারের দেহাবশেষ থেকে সংগ্রহ করা ডিএনএ তার মেয়ের সঙ্গে মিলে গেলেও এখনও সেই প্রতিবেদন আনতে পশ্চিমবঙ্গ সিআইডির সঙ্গে যোগাযোগ করেনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ভারতে ঘটনার ৮৭ দিনের মধ্যেই অভিযোগপত্র জমা দেওয়া হলেও, বাংলাদেশে আদালতে প্রতিবেদন জমা দিতে সময় পেছানো হয়েছে নয়বার।

গত বছরের ১২ মে কলকাতায় গিয়ে খুন হন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যশোর অঞ্চলের চরমপন্থি নেতা আমানুল্লাহ, তার ভাতিজা তানভীর, যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহিনের বান্ধবী সেলেস্তি, ঝিনাইদহ আওয়ামী লীগের নেতা মিন্টু ও বাবু, খাগড়াছড়ির ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়। ভারত ও নেপাল থেকেও গ্রেফতার হয় আরও দুইজন—জিহাদ ও সিয়াম।

পুলিশ জানায়, স্বর্ণ চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কলকাতার বাগজোলা খাল থেকে উদ্ধার হয় আনারের হাড় ও সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি মানবদেহের মাংস।

এদিকে, মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন আইনজীবী ও বিশ্লেষকরা।

ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, “এটি দুই দেশের মধ্যে সংঘটিত একটি অপরাধ হওয়ায় তথ্য-উপাত্ত সংগ্রহে সময় লাগছে।”

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ বলেন, “তদন্ত কর্মকর্তাকে আরও সচেতন হতে হবে। পাবলিক প্রসিকিউটরকেও কেবল মামলা পরিচালনার বাইরে গিয়ে তদন্তে ভূমিকা রাখতে হবে।”

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “এই হত্যাকাণ্ড জনপ্রতিনিধিদের জন্য একটি সতর্ক বার্তা। রাষ্ট্রকে দেশের ভেতরে-বাইরে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এখনো পলাতক আনার হত্যার মূল হোতা শাহীন, যে হত্যার পরপরই যুক্তরাষ্ট্রে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের।