আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় সংসদ অধিবেশন বসবে।
এ অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি বিল উত্থাপনের কথা রয়েছে। পাশাপাশি আজ সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা হতে পারে।
চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও অধিবেশনে আলোচনা হতে পারে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এর মেয়াদ নির্ধারণ করা হবে।
এদিকে, অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ বিষয়ে ডিএমপি গণবিজ্ঞপ্তি জারি করেছে। সংসদ অধিবেশন চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে।