বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোতে নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ, মেয়র প্রার্থীসহ নিহত ৩

মেক্সিকোতে নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ, মেয়র প্রার্থীসহ নিহত ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
মেক্সিকোতে নির্বাচনী প্রচারণায় গুলিবর্ষণ, মেয়র প্রার্থীসহ নিহত ৩

মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের টেক্সিস্টেপেক শহরে এক উৎসবমুখর নির্বাচনী প্রচারণা মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ সন্ত্রাসী হামলায়। স্থানীয় সময় রবিবার (১১ মে) রাতে এ হামলায় মেয়র প্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেজসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

হামলার সময় ইয়েসেনিয়া নিজেই ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারণার লাইভ সম্প্রচার করছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি রাস্তায় সমর্থকদের সঙ্গে পদযাত্রা করছেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।

হঠাৎ ক্যামেরার বাইরে থেকে গুলির শব্দ শোনা যায়, যার মধ্যে অন্তত ২০টি গুলির আওয়াজ ধরা পড়ে লাইভে। মুহূর্তেই লাইভটি রক্তাক্ত বাস্তবতায় পরিণত হয়, যা ফেসবুক দর্শকরাও সরাসরি প্রত্যক্ষ করেন।

সোমবার (১২ মে) প্রেস ব্রিফিংয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হামলার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে আমরা ভেরাক্রুজের আঞ্চলিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে তদন্ত করছি এবং প্রয়োজনে কেন্দ্রীয় সহায়তা দিতে প্রস্তুত।”

এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। জাতিসংঘের বিশেষ প্রতিনিধিরা রাজনৈতিক সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য মেক্সিকো সরকারকে আহ্বান জানিয়েছেন।

নির্বাচন সামনে রেখে দেশটিতে বাড়তে থাকা সহিংসতা ইতোমধ্যেই নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।