বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতেও। জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে পরিবহন ও উৎপাদন ব্যয়। এর প্রভাব পড়ছে পণ্যের দাম, কৃষি, মানুষের আয়-রোজগার ও কর্মসংস্থানে।


সংকট দীর্ঘায়িত হলে বাংলাদেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। একই সঙ্গে চলতি বছর দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সম্ভাবনা ছিল এমন মানুষের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।


জুনের মাঝামাঝি সময়ে করা এক মূল্যায়নে এসব ঝুঁকির কথা জানিয়েছে বিশ্বব্যাংক। সরকারকে বাজেট সহায়তা দেওয়ার জন্য প্রস্তাবিত একটি প্রকল্পের অংশ হিসেবে এ মূল্যায়ন করা হয়।


বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুযায়ী, বাংলাদেশ এমন সময়ে এ সংকটের মুখে পড়েছে, যখন দেশের অর্থনীতি আগে থেকেই নানা চাপে রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত এবং সরকারের সীমিত আর্থিক সক্ষমতার কারণে নতুন কর্মসংস্থানও প্রত্যাশিত হারে তৈরি হচ্ছে না।


বিশ্বব্যাংকের হিসাবে, শুধু ২০২৫ সালেই দেশে দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বেড়েছে। চলতি বছর মধ্যপ্রাচ্যে যুদ্ধ না হলে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারতেন। কিন্তু যুদ্ধের প্রভাবে সেই সংখ্যা কমে প্রায় ৫ লাখে নেমে আসতে পারে।


অর্থাৎ, যুদ্ধের কারণে আরও প্রায় ১২ লাখ মানুষের দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নষ্ট হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।


সংস্থাটির মতে, ২০২৬ সালে বাংলাদেশে দারিদ্র্য বাড়ার পেছনে মূল্যবৃদ্ধির অবদান থাকবে প্রায় ১০ শতাংশ। জ্বালানি ও উৎপাদন ব্যয় বাড়ার কারণে পণ্যের দাম আরও বাড়লে নিম্নআয়ের মানুষের ওপর এর চাপ বাড়তে পারে।


বিশ্বব্যাংক বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহ, উৎপাদন ব্যয় ও কর্মসংস্থানের ওপর চাপ আরও বাড়তে পারে। এতে বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যমান সংকট আরও গভীর হওয়ার পাশাপাশি দারিদ্র্য কমানোর অগ্রগতিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।