বগুড়ায় ড্রেন খননকালে ৩৩৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার
বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য জিলা স্কুলের সীমানাপ্রাচীরসংলগ্ন এলাকায় শ্রমিকরা খননকাজ করছিলেন। একপর্যায়ে ড্রেনের ভেতরের দক্ষিণ পাশের দেয়ালসংলগ্ন মাটির গভীরে স্তূপ করে রাখা ধাতব বস্তু দেখতে পান এক শ্রমিক।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বগুড়া সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে মাটির নিচ থেকে ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গুলিগুলো দেখতে বেশ পুরোনো ও জং ধরা। তবে এগুলো এখনও কার্যকর কি না কিংবা পুরোপুরি অকেজো হয়ে গেছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ছাড়া গুলিগুলো কত বছর আগে মাটির নিচে রাখা হয়েছিল, সেটিও বিশেষজ্ঞ ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।