বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা: হুমায়ুন কবির

মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা: হুমায়ুন কবির

favicon
ভোরের আলো ডেস্ক:
মক্কা জোটে যুক্ত হওয়ার ঝুঁকি দেখছে না ঢাকা: হুমায়ুন কবির

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। একই সঙ্গে এ জোটে যুক্ত হলে বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছে না ঢাকা।


রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।


মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঝুঁকি নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। তার ভাষায়, ‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।’


এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, মক্কা প্যাক্টে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর সিদ্ধান্ত নির্ভর করবে।


তিনি বলেন, চুক্তিভুক্ত দেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তার মতে, মক্কা চুক্তি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা।


পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি গত ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চুক্তির অন্যতম শর্ত হলো—কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলা হলে তা সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চুক্তিটি ভবিষ্যতে বিস্তৃত হয়ে মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে গড়ে উঠতে পারে। এ নিয়ে অন্য দেশগুলোর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।


### চীনের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ


এদিকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হুমায়ুন কবির।


বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে শিগগিরই বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।


তবে এসব সংলাপের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।