পরিবারসহ বছরে ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ
বৈধপথে প্রতিবছর পরিবারসহ ১২ হাজার বাংলাদেশির ইতালি যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। অবৈধভাবে ইতালি যাওয়া থেকে বিরত থাকতে এবং এ বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
বৈঠকে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশিদের তৃতীয় ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, বৈধ অভিবাসনের সুযোগ কাজে লাগানোর পাশাপাশি ইতালি যেতে আগ্রহীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত প্রস্তুতি নিশ্চিত করা গেলে নিরাপদভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো সম্ভব।