বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এ অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।


আগামী এক বছর বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন তিনি। নিউইয়র্কে শুরু হওয়া এ অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত।


এবারের অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’


অধিবেশন শুরুর আগে নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। এ সময় বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।


জাতিসংঘে বাংলাদেশের কার্যালয় এক বার্তায় সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে খলিলুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।


গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ৯৯ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়েছিল।


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালা ছিল। বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয় পান খলিলুর রহমান।


বাংলাদেশের জন্য এই অর্জনকে জাতিসংঘ কূটনীতিতে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।


এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।


জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনার ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পরিষদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।