সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › ইসিবিতে স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব সালমানের

ইসিবিতে স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব সালমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসিবিতে স্টুডিওতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব সালমানের

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন সালমান মুক্তাদির।


শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে সালমান বলেন, বিএনপি সরকারের চোখের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনে এমন ঘটনা ঘটেছে।


এর আগে শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সালমান মুক্তাদিরের ‘বিএনপি চাঁদাবাজ দল’ মন্তব্যটি একটি ঢালাও অভিযোগ। তিনি বলেন, সালমান তাকে উদ্দেশ্য করে এ অভিযোগ করে থাকতে পারেন। দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সালমান ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও এ ঘটনায় তিনি কোনো মামলা করেননি।


এর জবাবে সালমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বাকস্বাধীনতার কথা বলছেন, সেই আত্মবিশ্বাস থেকেই তিনি তার বক্তব্যের জবাব দিতে পারছেন। তাকে এ সুযোগ দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।


সালমান আরও বলেন, ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ বিষয়ে আত্মবিশ্বাসী কি না, সেটি তার প্রশ্ন। একই সঙ্গে এ ঘটনায় মন্ত্রীর মধ্যে কোনো লজ্জাবোধ কাজ করছে কি না, সেটিও জানতে চান তিনি।


ভিডিও বার্তায় সালমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার স্টুডিওর অবস্থান ক্যান্টনমেন্টের কাছাকাছি হওয়া সত্ত্বেও সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।


এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।