মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আমিরাত সফরে নেতানিয়াহু, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আমিরাত সফরে নেতানিয়াহু, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
আমিরাত সফরে নেতানিয়াহু, দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তিনি এ সফরে যান। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের আমন্ত্রণে নেতানিয়াহু সরকারি সফরে গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।


ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


নেতানিয়াহুর সফরসঙ্গী হিসেবে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান, সামরিক সচিব এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা।


এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে ইরানের বর্তমান সরকার নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের কথিত মিথ্যা, দুর্নীতি ও কঠোর নীতির কারণে একসময় দেশটির সরকারের পতন ঘটবে। ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে বলেও মন্তব্য করেন তিনি।


জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের সামরিক হামলার বিষয়েও কথা বলেন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ওই হামলা প্রয়োজন ছিল বলে দাবি করেন তিনি। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে কয়েকটি দেশ ব্যক্তিগতভাবে সমর্থন করেছে বলেও উল্লেখ করেন তিনি।


তবে প্রকাশ্যে বিভিন্ন দেশের নেতাদের ইসরায়েলের সমালোচনার কথাও তুলে ধরেন নেতানিয়াহু। জাতিসংঘে তার বক্তব্যের সময় সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমালোচনা করেন তিনি। বাইরে থাকা বিক্ষোভকারীদেরও উদ্দেশ্য করে বক্তব্য দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।


নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা সভাকক্ষ ত্যাগ করলেও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদল তাদের আসনে অবস্থান করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।