মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জেরে হত্যার সন্দেহ

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জেরে হত্যার সন্দেহ

favicon
ভোরের আলো ডেস্ক:
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, পূর্ব শত্রুতার জেরে হত্যার সন্দেহ

গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।


পুলিশ জানায়, রাতে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক জয়ের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।


পরে স্থানীয়রা বিষয়টি টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


হত্যাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।