মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

favicon
ভোরের আলো ডেস্ক:
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।


দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। এ সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই। দুই দেশের সরকারপ্রধানের জন্য সুবিধাজনক ও উপযুক্ত সময়েই বৈঠকটি অনুষ্ঠিত হবে।


তিনি জানান, মঙ্গলবারের বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। মূলত এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এ সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।


ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তুলে ভারতীয় হাইকমিশনার বলেন, আলোচনা ইতিবাচক হয়েছে এবং সামগ্রিক পরিস্থিতিও ইতিবাচক। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রতিও ভারতের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানান তিনি।


এর আগে আগস্টেও তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমাধানের প্রত্যাশার কথা জানিয়েছিলেন।