২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: ৪১ ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুদক
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নামে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে ৪১টি ব্যাংকের কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংসের সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, শেখ হাসিনা ট্রাস্টটির সভাপতি এবং শেখ রেহানা সহসভাপতি ছিলেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ট্রাস্টটি গড়ে তুলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের মাধ্যমে প্রভাব বিস্তার করে বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে।
দুদক জানিয়েছে, অনুসন্ধানের অংশ হিসেবে দেশের ৪১টি তফসিলি ব্যাংক থেকে পাওয়া বিভিন্ন তথ্য ও নথি পর্যালোচনা করা হয়েছে। মামলার তদন্ত আরও এগিয়ে নিতে এসব ব্যাংকের কাছে সংশ্লিষ্ট অর্থ বরাদ্দ, লেনদেন ও প্রয়োজনীয় নথিপত্রসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে।
দুদকের নথি অনুযায়ী, ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। এ অর্থ সংগ্রহের প্রক্রিয়া ও ব্যবহারের বিষয়ে তদন্ত করছে সংস্থাটি।