সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ফিশিং বোটসহ ১৩ জেলে জীবিত উদ্ধার
সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে টেকনাফ উপকূল থেকে গভীর সমুদ্রে যাত্রা করে। মাছ আহরণ শেষে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে উপকূলে ফেরার সময় হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি দিকভ্রান্ত হয়ে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
এ অবস্থায় জেলেরা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পাওয়ার পর গভীর সমুদ্রে নিয়মিত টহলে থাকা কোস্ট গার্ডের একটি টহল জাহাজ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বিকল হয়ে পড়া বোটটির সন্ধান পায় টহল জাহাজটি। সেখান থেকে বোটসহ ১৩ জেলেকে সফলভাবে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, দীর্ঘ সময় সাগরে অবস্থান করায় জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
বর্তমানে উদ্ধার হওয়া জেলেদের ও বোটটি মালিকপক্ষ ও পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।