বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানের ওপর নিষেধাজ্ঞা কমাতে ট্রাম্পের অস্বীকৃতি, তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

ইরানের ওপর নিষেধাজ্ঞা কমাতে ট্রাম্পের অস্বীকৃতি, তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের ওপর নিষেধাজ্ঞা কমাতে ট্রাম্পের অস্বীকৃতি, তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলারের ওপরে উঠেছে।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৩ ডলারে দাঁড়ায়। এর আগের দিন মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে দাম কিছুটা কমেছিল।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭২ ডলারে উঠেছে।


চলতি সেপ্টেম্বর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এটি বাস্তবায়িত হলে গত জুলাইয়ের পর ব্রেন্টের জন্য সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি হবে।


এদিকে, একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল।


মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং অঞ্চলটির ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্ববাজারে তেলের দামের ওপর প্রভাব ফেলছে।