মার্কিন সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরালের পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে জেনারেল ও অ্যাডমিরালদের জন্য নির্ধারিত পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শত শত জুনিয়র সামরিক সদস্যের সামনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে হেগসেথের। সেখানে তিনি মার্কিন সামরিক বাহিনী নিয়ে নিজের অগ্রাধিকার ও পরিকল্পনার কথা তুলে ধরবেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, এক থেকে চার তারকা জেনারেল ও অ্যাডমিরালদের জন্য নির্ধারিত পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানাবেন হেগসেথ। এর আগে গত বছর তিনি এসব পদ অন্তত ১০ শতাংশ কমানোর কথা বলেছিলেন। নতুন পরিকল্পনায় সেই কাটছাঁটের মাত্রা দ্বিগুণ হচ্ছে।
তবে এই সিদ্ধান্তের অর্থ সরাসরি ২০ শতাংশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা নয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তার ভাষ্য, ভবিষ্যতে কিছু পদের পদমর্যাদা পরিবর্তন করা হবে এবং কিছু পদ পুরোপুরি বিলুপ্ত করা হবে।
এদিকে মঙ্গলবার পেন্টাগন হেগসেথের স্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সার্ভিস একাডেমিগুলোতে দীর্ঘমেয়াদি শিক্ষক হিসেবে বেসামরিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না।
সামরিক একাডেমিগুলোকে ‘যুদ্ধ পরিচালনার’ দিকে আরও বেশি কেন্দ্রীভূত করার উদ্যোগের অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কিন প্রতিরক্ষা বিভাগে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন হেগসেথ। সামরিক বাহিনীর বিভিন্ন শাখার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার পাশাপাশি জনবল ও সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।