বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন বক্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।


রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনার তদন্ত চলছে। তদন্তে যার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ ছাড়া মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতা ছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। এবার সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮০০টির বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


তিনি জানান, দুর্গাপূজার জন্য সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। একই সঙ্গে এবার পূজামণ্ডপের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় দেড় হাজার বেড়েছে।


পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি ও অর্থ বরাদ্দ বাড়ানোয় তারা সন্তুষ্ট। পাশাপাশি পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেফতার না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।