সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ
কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কয়েকটি ব্যাংকও বিএফআইইউর চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত নথি এবং হিসাবের লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
তবে কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে এর সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য দেন এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের বক্তব্য ও পাল্টা বক্তব্য প্রকাশ্যে আসে। তবে ব্যাংক হিসাবের তথ্য তলবের সঙ্গে ওই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।