বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজনীতি › এমপিকে না জানিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির

এমপিকে না জানিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
এমপিকে না জানিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযান, বিস্মিত জামায়াত আমির

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। উচ্ছেদ অভিযানের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান জানান, মিরপুরের ১৩ নম্বর থেকে ১০ নম্বর এলাকার হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তা ও ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হন। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষ হয় এবং সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে।


জামায়াত আমির বলেন, মিরপুরের আসনটি গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। জনগণের সুবিধা-অসুবিধার সঙ্গে সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো।


তিনি বলেন, সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং সাধারণ মানুষের চলাচলের পথও স্বাভাবিক থাকে।


শফিকুর রহমান আরও বলেন, দীর্ঘদিন ধরে অসাধু ও চাঁদাবাজ ব্যক্তিরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।


উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষেত্রে আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ যেন স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়।


একই সঙ্গে মিরপুরের বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান জামায়াত আমির। সমস্যার সমাধানে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।